পাকিস্তানের ডেরা ইসমাইল খানে আত্মঘাতী হামলা, নিহত ১১
অনলাইন ডেস্ক
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অন্তত সাতজন নিরাপত্তাকর্মী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।
শনিবার প্রদেশটির ডেরা ইসমাইল খান এলাকায় সড়কের পাশে থাকা একটি পুলিশ চেকপোস্টে এ হামলা হয় বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
পুলিশের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে চেকপোস্টে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন হতাহত হন।
বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
টিটিপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তবে হামলার পেছনে তাদের উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
খাইবার পাখতুনখাওয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানের অন্যতম সংঘাতপ্রবণ অঞ্চল। বিশেষ করে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা বেড়েছে। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা এসব হামলার অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন।
এর আগে চলতি মাসেই খাইবার পাখতুনখাওয়ার কোহাটে একটি পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী হামলা ও বন্দুকযুদ্ধে বহু মানুষ নিহত ও আহত হন। ওই হামলার দায় অবশ্য টিটিপি অস্বীকার করেছিল।
পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিচালনা করছে। আফগানিস্তানের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। ফলে সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান ও পাল্টাপাল্টি অভিযোগের কারণে দুই দেশের সম্পর্কেও টানাপোড়েন অব্যাহত রয়েছে। সূত্র: আল-জাজিরা
