পাবনায় স্কুল থেকে ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় তেলবাহী লরির ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক শিশু। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাটমোহর-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশু ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আন্না খাতুন (৬)। আর গুরুতর আহত হয়েছে একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুন (৬)। তারা রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হওয়ার পর দুই শিশু চাটমোহর-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চাটমোহর থেকে বাঘাবাড়িগামী তেলবাহী একটি লরি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আন্না খাতুনের।
এ সময় গুরুতর আহতাবস্থায় ছামিয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে সুরতহাল প্রতিবেদন করে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব না হলেও তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights