পিকনিকের লঞ্চে দুই নারীকে প্রহারের ঘটনায় যুবক আটক

অনলাইন ভার্সন
মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিক পার্টির দুই নারীকে প্রকাশ্যে প্রহারের ঘটনায় ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে সদর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। থানার ওসি সাইফুল আলম বলেন, ‘আটক নেহালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। ভুক্তভোগীরা অভিযোগ করবে বলে জানিয়েছে।’

আটক যুবক নেহাল আহমেদ জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনি ঘাট এলাকার মনির হোসেনের ছেলে।

ঘটনার সূত্রপাত ঘটে সন্ধ্যার কেনাকাটার জন্য ৮ থেকে ১০ জন যাত্রী লঞ্চ থেকে পন্টুনে নামার সময়। স্থানীয়রা তাদের মাদকসেবী সন্দেহ করে পিছু নেয় এবং লঞ্চে ওঠার চেষ্টা করে। এ সময় লঞ্চের ম্যানেজার মো. শফিক তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লোকজন জড়ো হয়ে লঞ্চে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট এবং যাত্রীদের মারধর করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি নদীতে ঘটায় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করছে নৌ পুলিশ। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। লঞ্চটিকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করি।’

তিনি আরও বলেন, ‘লঞ্চের যাত্রী ও স্টাফরা জানিয়েছেন, হামলাকারীরা টাকা ও মোবাইল ছিনতাই করেছে। তবে শনিবার দুপুর ২টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights