পুকুরে ভাসছিল বৃদ্ধার মরদেহ, পাড়ে পড়ে ছিল লাঠি-স্যান্ডেল
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় অশীতিপর বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এলাকাবাসী তার মরদেহ উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুরে ভাসতে দেখে তা তুলে পাড়ে আনেন। পরে থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
খায়রুন নেছা একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি ডোবা পুকুরের মাঝখানে তারা একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা মরদেহটিকে পাড়ে আনেন। নিহতের গলা ও দুই পা একই ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এ ছাড়া তার এক চোখ ফুটো হয়ে রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরপাড়েই পড়ে ছিল। এলাকাবাসীদের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা জরুরি সেবা ৯৯৯ ও ভেড়ামারা থানায় বিষয়টি জানায়।
স্থানীয়রা আরও জানান, নিহত ওই বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে আছে। তিনি তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতেন। ছেলের বউদের সাথে মতানৈক্য হলে মাঝেমধ্যেই তিনি অন্যত্র গিয়ে থাকতেন।
বৃদ্ধার মেয়ে মোছা. ফুলজান খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত ও গলা বাঁধা ছিল। তার মরদেহ পুকুরের মাঝখানে ভাসছিল। এটা কীভাবে সম্ভব হলো? কিছুই বুঝতে পারছি না। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, পুলিশ ৮০ বছরের বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতাল সম্পন্ন হয়েছে। পোস্টমর্টেমের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
