পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার পর ফের গ্রেফতার আওয়ামী লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর পালিয়ে যাওয়া চেক প্রতারণা মামলায় দণ্ডিত আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানীকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।

শাহনাজ পারভীন রানী বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের হালিম খানের স্ত্রী। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পটুয়াখালী যুগ্ম দায়রা জজ তৃতীয় আদালতের রায়ে চেক প্রতারণার মামলায় শাহনাজ পারভীন রানীকে এক বছরের কারাদণ্ড ও ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার দুপুরে তিনি বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামে নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারও করে। কিন্তু বাড়ির লোকজনের বাধা ও ধস্তাধস্তির সুযোগে তিনি পুলিশের হাত থেকে ছুটে পালিয়ে যান।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পালিয়ে গেলেও পরে গভীর রাতে আলাদা অভিযান চালিয়ে বড়িয়া গ্রাম থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights