পুলিশ কাবাডি: পুরুষে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ, নারীতে ডিএমপি

অনলাইন ডেস্ক

‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এ পুরুষ দলে নারায়ণগঞ্জ জেলা এবং নারী দলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন হয়েছে।পুরুষ দলে নারায়ণগঞ্জ ডিএমপিকে ৩২-৩০ পয়েন্টে এবং নারী দলে ডিএমপি নড়াইল জেলা দলকে ৩২-৩০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

রবিবার বিকালে রাজধানীর গুলিস্তান বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, কাবাডি আমাদের দেশের খেলা, মাটির খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, এক সময় কাবাডি খেলা হারিয়ে যেতে বসেছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে এ খেলা আয়োজন করেছে। কাবাডি খেলাকে সারাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে।

প্রতিযোগিতায় নারী দলে নড়াইলের মেবী চাকমা বেস্ট রেইডার, ডিএমপির ইয়াসমিন খানম বেস্ট ক্যাচার এবং ডিএমপির ইশারাত জাহান সাদিকা বেস্ট খেলোয়াড় মনোনীত হয়েছেন।

পুরুষ দলে নারায়ণগঞ্জের জাবেদ শেখ বেস্ট রেইডার, ডিএমপির অমল রায় বেস্ট ক্যাচার এবং নারায়নগঞ্জের জাবেদ শেখ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও রানার আপ দলের দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights