প্যারিসে মেট্রোরেলের স্টেশনে ছুরি হামলায় ৩ নারী আহত

অনলাইন ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে মেট্রো রেলের তিন স্টেশনে তিন নারীকে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টিআরটি ওয়ার্ল্ড লিখেছে, বছর শেষের উৎসবের আমেজে যখন গোটা শহর মুখর, ঠিক তখন এ হামলার ঘটনা ঘটল।

মেট্রোরেল পরিচালনাকারী আরএটিপি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে এসব হামলা ঘটে। সেন্ট্রাল প্যারিসের ওপর দিয়ে যাওয়া ‘লাইন-৩’ পথের রিপাবলিক, আর্টস জি মিটি এবং অপেরা স্টেশনে ওই তিন নারী ছুরিকাঘাতের শিকার হন।

টিআরটি ওয়ার্ল্ড লিখেছে, প্যারিসভিত্তিক এক সাংবাদিক রিপাবলিক স্টেশনে এক নারীকে চিকিৎসা দিতে দেখেছেন। ওই নারীর পায়ে ছুরিকাঘাতের ক্ষত ছিল এবং তিনি প্রচণ্ড আতঙ্কিত ছিলেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

প্যারিসের কৌঁসুলিরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। মোবাইল ফোনের ‘জিওলোকেশন’ বা অবস্থান শনাক্ত করে শুক্রবার বিকালে প্যারিসের উত্তরে ‘ভাল দ’ওয়াজ’ অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হামলার পরপরই সংশ্লিষ্ট মেট্রো লাইনে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বড়দিন ও বর্ষবরণের উৎসব ঘিরে বিভিন্ন নাশকতামূলক পরিকল্পনার খবর আসায় ইউরোপের রাজধানীগুলোতে বর্তমানে বিশেষ সতর্কতা জারি রয়েছে।

ফ্রান্সেও ‘সন্ত্রাসী হামলার হুমকির উচ্চ ঝুঁকি’র কথা বিবেচনা করে গত সপ্তাহেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ কর্মকর্তাদের ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দিয়েছিলেন।

জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ফ্রান্সজুড়ে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights