প্রতিকূল আবহাওয়ায় প্রসূতির পাশে কোস্ট গার্ড

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে প্রতিকূল আবহাওয়ায় প্রসূতি এক নারীর পাশে দাঁড়িয়েছ কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় খুলনার দাকোপের কালাবগি গ্রামের স্থানীয় প্রসূতি শরীফা বেগম (২৮) এর প্রসবব্যথা শুরু হলে তাকে জরুরি ভিত্তিতে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা নলিয়ান কোস্ট গার্ড স্টেশনকে বিষয়টি জানায়। পরিস্থিতি বিবেচনায় স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড একটি বোট প্রস্তুত করে এবং ওই নারীকে দাকোপের কালাবগি হতে চালনা ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। কোস্ট গার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ায় প্রসব ব্যথায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়েছে।

পরবর্তীতে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয়, সে ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights