প্রতিযোগী হয়েও একসাথে : গুগলের ক্লাউডে ভরসা করল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় দুই প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ও গুগল এবার একসাথে কাজ করতে যাচ্ছে। নিজেদের বাড়তে থাকা কম্পিউটিং চাহিদা মেটাতে ওপেনএআই এবার গুগলের ক্লাউড সেবা ব্যবহার করবে।

বিশ্বস্ত সূত্রের বরাতে রয়টার্স খবর প্রকাশ করেছে, কয়েক মাস আলোচনার পর মে মাসে এ চুক্তি চূড়ান্ত হয়।

খবর অনুসারে, গুগল এই চুক্তির মাধ্যমে তার ক্লাউড ইউনিটকে আরও এগিয়ে নিতে পারবে। অন্যদিকে, ওপেনএআই তার একমাত্র বড় সহায়তাকারী মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস গড়ে তুলছে।

ওপেনএআই জানায়, চ্যাটজিপিটিসহ অন্যান্য এআই মডেল চালাতে যে পরিমাণ শক্তিশালী হার্ডওয়্যার দরকার, তা মেটাতে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এ বছরই প্রতিষ্ঠানটির রাজস্ব প্রবৃদ্ধি ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এর আগে ওপেনএআই জাপানের সফটব্যাংক, অরাকল এবং কোরউইভের সঙ্গেও বড় চুক্তি করে। এমনকি নিজেদের নিজস্ব চিপ তৈরির কাজেও নেমেছে তারা।

গুগলের পক্ষেও এটি বড় অর্জন। কারণ, এতদিন নিজেদের তৈরি ‘টেনসর প্রসেসিং ইউনিট’ বা TPU চিপ শুধুমাত্র গুগলের অভ্যন্তরীণ ব্যবহারে থাকলেও, এখন তা দিয়ে ক্লাউড গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। অ্যাপল, অ্যানথ্রপিকসহ বহু প্রতিষ্ঠান এরই মধ্যে গুগলের ক্লাউড নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ওপেনএআইকে ক্লাউড সুবিধা দিয়ে গুগল স্বল্প মেয়াদে নিজের চিপ সরবরাহ কমালেও দীর্ঘ মেয়াদে প্রতিযোগিতায় বাড়তি সুবিধা পাবে।

চ্যাটজিপিটির জনপ্রিয়তা গুগলের সার্চ ব্যবসার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠলেও গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, তারা প্রতিযোগিতাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। এখন দেখার বিষয়, প্রতিদ্বন্দ্বিতা ভুলে এই সহযোগিতামূলক চুক্তি ভবিষ্যতে প্রযুক্তি বাজারে কী প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights