প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির আদেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দীর্ঘদিন থেকে সরবরাহ করা হচ্ছে না- এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে এইচআরপিবির পক্ষ থেকে একটি রিট পিটিশন দায়ের করা হয়।

শুনানি শেষে আদালত ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের পেন্ডিং আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছে এবং ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

এ ছাড়া প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং প্রবাসীদের পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না এই মর্মে চার সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট।

এইচআরপিবির পক্ষে রিট পিটিশনার হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।

বিবাদীরা হলেন কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয় সচিব, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইন সচিব, পাসপোর্ট অফিসের ডিজিসহ মোট ১৪ জন।

মনজিল মোরসেদ আরও জানান, আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রবাসীদের যে সকল নবায়নের আবেদন পেন্ডিং আছে তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন।

আদালত অপর এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে এক চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশন ও এম্বেসিকে প্রবাসীদের দাখিল করা নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights