ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১নং আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বাবুল আকন্দ নামের এক আসামি উপস্থিত থাকলেও বাকি দুই দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আইয়ুব আলী সরদারের ছেলে চান সরদার ও তারা সরদার, একই এলাকার জিয়াউল আকন্দের ছেলে বাবুল আকন্দ। পলাতক দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ সেপ্টেম্বর সকালে ফরিদপুর শহরের হাজি শরীয়তুল্লাহ বাজার-সংলগ্ন বেইলি ব্রিজের সামনে সবজি বিক্রি করতে যান ফয়সাল শেখ। সেখান থেকে সবজি বিক্রি শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামি চান সরদার, তারা সরদার, বাবুল আকন্দসহ বেশ কয়েকজন যুবক তাকে মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে নির্মাণাধীন ভবনের কর্মরত শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ফয়সাল শেখকে হাসপাতালে ভর্তি করেন। পরে ফয়সালের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত ফয়সালের মা ফিরোজা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জাহিদ হাসান জানান, আদালত সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলায় অপর এক আসামির মৃত্যু হওয়ায় তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights