ফাইনালে পরীক্ষার পথে সেমিফাইনালের জয়ী একাদশই স্পেনের ভরসা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বড় কোনো চমক দিচ্ছেন না স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে সেমিফাইনালে ফ্রান্সকে হারানো জয়ী একাদশই ধরে রাখার পরিকল্পনা করেছেন স্প্যানিশ এই কোচ।

বিশ্বকাপের মহারণে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বেলজিয়াম ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠা স্পেন শেষ ম্যাচে অপ্রয়োজনীয় কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছে না।

ফাইনালের আগে স্পেন শিবিরে থাকা চোটের শঙ্কাও অনেকটাই কেটে গেছে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করে ম্যাচসেরা হওয়া রাইট-ব্যাক পেড্রো পোরো ম্যাচের শেষ দিকে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়লেও এখন তিনি পুরোপুরি ফিট।

এদিকে দলের অন্যতম তারকা লামিনে ইয়ামালও অনুশীলনের এক পর্যায়ে আলাদাভাবে কাজ করলেও শেষ অফিসিয়াল সেশনে দলের সঙ্গে পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন। ফলে পোরোর বিকল্প হিসেবে মার্কোস ইয়োরেন্তেকে খেলানোর প্রয়োজন পড়ছে না বলেই ধারণা করা হচ্ছে।

মাঝমাঠে অবশ্য ট্যাকটিক্যাল সিদ্ধান্তে বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পেদ্রিকে আবারও বেঞ্চে বসিয়ে রাখতে পারেন দে লা ফুয়েন্তে। টুর্নামেন্টের শুরুতে একাদশে থাকলেও এখন তার জায়গা নিয়েছেন ফ্যাবিয়ান রুইজ।

রদ্রি ও ফ্যাবিয়ান রুইজের জুটি স্পেনের মাঝমাঠে দারুণ ভারসাম্য এনে দিয়েছে। তাদের সামনে আক্রমণভাগের ছন্দ তৈরির দায়িত্ব থাকবে দানি ওলমোর ওপর।

অন্যদিকে, নিকো উইলিয়ামস চোট নিয়ে টুর্নামেন্ট শুরু করার পর উরুগুয়ের বিপক্ষে সেই সমস্যা আরও বেড়ে যায়। এরপর থেকেই বাঁ প্রান্তে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যালেক্স বায়েনা। ফাইনালেও লামিনে ইয়ামাল ও মিখেল ওয়ারজাবালের সঙ্গে স্পেনের আক্রমণভাগে দেখা যেতে পারে বায়েনাকেই।

স্পেনের সম্ভাব্য একাদশ : উনাই সিমন (গোলরক্ষক); পেড্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেলা; রদ্রি, ফ্যাবিয়ান রুইজ; দানি ওলমো; লামিনে ইয়ামাল, মিখেল ওয়ারজাবাল ও অ্যালেক্স বায়েনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights