ফাইনালে হেরে কোচের মুখে থুতু ছিঁটিয়ে দিলেন সুয়ারেজ

অনলাইন ডেস্ক
লিগস কাপের ফাইনালে হারের পর প্রতিপক্ষ মিয়াটেল সাউন্ডার্সের কোচের মুখে খুতু ছিঁটিয়েছেন ইন্টার মায়ামি তারকা লুইস সুয়ারেজ। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতির একপর্যায়ের বিতর্কিত এই কাণ্ড ঘটান উরুগুইয়ান স্ট্রাইকার।

লিগস কাপের ফাইনালে মায়ামিকে এগিয়ে রেখেছিলেন বেশিরভাগ বিশেষজ্ঞ। লিওনেল মেসি ও সুয়ারেজের আক্রমণ সিয়াটল সামলাতে পারবে না বলে মনে করেছিলেন তারা। কিন্তু হয়েছে তার উল্টোটা। গোটা ম্যাচে মেসিকে খেলতেই দিলেন না সিয়াটলের ফুটবলাররা। সুয়ারেজ চেষ্টা করলেও গোল করতে পারেননি। শেষপর্যন্ত ০-৩ গোলে হারতে হয় মায়ামিকে।

খেলা শেষে উল্লাস করছিলেন সিয়াটলের ২০ বছর বয়সী মিডফিল্ডার ওবেদ ভারগাস। তাকে গিয়ে ধাক্কা মারেন সুয়ারেজ। তার গলাও চেপে ধরেন। তারপরই শুরু হয় হাতাহাতি। দুই দলের ফুটবলাররা একে অপরকে লক্ষ্য করে ঘুষিও চালান। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন মাঠের নিরাপত্তারক্ষীরা।

বেশ কিছুক্ষণ পর দু’দলের ফুটবলারদের আলাদা করা হয়। তারপর সিয়াটলের কোচের সামনে গিয়ে তার মুখে থুতু ছিঁটিয়ে দেন সুয়ারেজ। পাশেই এক নিরাপত্তারক্ষী ছিলেন। তিনি সুয়ারেজকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সুয়ারেজ যা করেছেন তার জন্য বড় শাস্তি হতে পারে তার।

২০১৪ সালে বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার কিয়েলিনিকে কামড়ে দিয়ে লাল কার্ড দেখেছিলেন সুয়ারেজ। সেই ঘটনায় ফুটবল থেকে নির্বাসিতও হয়েছিলেন তিনি। সেই ঘটনা ফুটবলপ্রেমীদের স্মৃতিতে রয়ে গেছে। আরও একবার নিজের কাজে বিতর্ক তৈরি করলেন সুয়ারেজ। তার বিরুদ্ধে মিয়াটেল সাউন্ডার্সের কোচ কোনো অভিযোগ করেছে কিনা তা এখনও জানা যায়নি। তবে যেভাবে সুয়ারেজের ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে আয়োজকরা চাইলে তার বিপক্ষে পদক্ষেপ নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights