ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নড়াইলের কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকরা হয়। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার মো. হাবিবুর রহমান (৪১) এবং একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়ার মো. রকিবুল হাসান নয়ন (৩৬)।

পুলিশ জানায়, প্রতারণার শিকার ব্যক্তিদের সাধারণ ডায়েরি ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ এবং জেলা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে সংঘবদ্ধ প্রতারক চক্রটির সন্ধান পায় ডিবি পুলিশ। চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা নিয়ে তা আত্মসাৎ করত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের লক্ষ্যে এসআই মো. আনছার উল্লাহ ও মো. জিয়াউল হক জিয়ার নেতৃত্বে ডিবির একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে এলআইসি শাখার এএসআই মো. ইলিয়াছ শাহ, ডিবির এএসআই জহির উদ্দিনসহ অন্য সদস্যরা অংশ নেন। বৃহস্পতিবার রাতে অভিযানের প্রথম ধাপে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে একই রাতে চাঁদপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় রকিবুল হাসান নয়নকে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ চক্রের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুইজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights