ফেসবুকে প্রেম, ভারতে গিয়েই কারাগারে বাংলাদেশি যুবক ও ভারতীয় প্রেমিকা!

দীপক দেবনাথ, কলকাতা:

ফেসবুকে প্রেম। তারপর প্রেমিকাকে দেখতে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি এক যুবক। একেবারে শ্রীঘরে ঠাঁই হয়েছে ওই বাংলাদেশি প্রেমিক ও তার ভারতীয় প্রেমিকার।

জানা গেছে, বাংলাদেশের কুড়িগ্রামের ওই যুবকের নাম সোহেল রানা। বুধবার রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার নশিপুর এলাকা থেকে তাকে ও তার প্রেমিকাকে গ্রেফতার করে মুর্শিদাবাদ জেলা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিজেকে এতিম দাবি করা ওই বাংলাদেশি যুবকের সাথে সম্প্রতি ফেসবুকে পরিচয় হয় এক ভারতীয় যুবতীর। এরপরই তারা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিনমাস আগে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সে। ভারতে অনুপ্রবেশের পর ফেসবুকে পূর্বপরিচিত অন্য একজনের বাড়িতে আশ্রয় নেয় সোহেল। তবে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে- এই তথ্য জানার পর সোহেলকে তার বাড়ি থেকে বিতাড়িত করে ওই ভারতীয় পরিবার। এই অবস্থায় কলকাতায় রাজমিস্ত্রির কাজে যুক্ত হয় সোহেল এবং কলকাতাতেই অবস্থান করতে থাকে সে।
বুধবার রাতে হঠাৎ করেই প্রেমিকার সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ যায় সোহেল। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আসতেই বিপাকে পড়ে সোহেল। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোহেল রানাকে গ্রেফতার করে হরিহরপুর থানার পুলিশ। অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারীকে আশ্রয়দানের অভিযোগে তার ভারতীয় প্রেমিকাকেও গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights