ফ্যাসিবাদীদের সঙ্গে আপস নয়, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
পঞ্চগড় প্রতিনিধি
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আঁতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয়লাভের জন্য কেউ যেন কোনোভাবেই পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পর্ক তৈরি বা তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা না করেন। পারিবারিক পরিচয় বা অন্য কোনো পরিচয়ের মাধ্যমে এমন কাউকে দলে জায়গা দেওয়ার বিরুদ্ধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা জাতীয় নির্বাচনে দলের পক্ষে ভোট দেয়নি, তাদের স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে কী লাভ? এ বিষয়টি দলীয় নেতাকর্মীদের বিবেচনা করতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন গণ-আন্দোলনে জিয়া পরিবারের অবদান রয়েছে বলে তিনি মনে করেন। অন্যদিকে, এসব আন্দোলনে বিরোধিতাকারী বিভিন্ন শক্তি ভবিষ্যতে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, দলের কর্মকাণ্ড ও সরকারের কার্যক্রম জনগণের কাছে মাঠে-ঘাটে, হাটে-বাজারে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো গুপ্ত বা সুপ্ত শক্তি দলকে ক্ষতি করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শেরে বাংলা পার্কে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপি আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ পঞ্চগড় জেলার ৫ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
