ফ্যাসিবাদের দোসরদের অপচেষ্টা রুখে দেওয়া হবে: রিজভী

অনলাইন ডেস্ক
ফ্যাসিবাদের দোসরদের অপচেষ্টা রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণ প্রতিবারই তাদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করেছে। ফ্যাসিবাদের দোসরদের সব অপচেষ্টা রুখে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

একজন হত্যাকারী (শেখ হাসিনা) হিন্দুস্তান থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন বলে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। শেখ হাসিনা চামচা-তাবেদার দিয়ে ক্ষমতা দখলে রাখতে চেয়েছেন। কিন্তু তিনি জনগণের শক্তি মাপতে ভুল করেছেন। এ কারণেই তার লজ্জাজনক পতন হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনা জনগণের কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে দিল্লির কাছে কৃতদাস হয়ে যেতেন। মাশরাফি বলেছিলেন, শেখ হাসিনা না থাকলে নড়াইল থাকবে না। নড়াইল কি নেই এখন?

রিজভী বলেন, রাজনীতিতে জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর সময়ে অসংখ্য রাজনৈতিক দল আবার রাজনীতি করার সুযোগ পায়। টেলিভিশন ও সংবাদপত্রের সংখ্যা বাড়ে এবং গণমাধ্যমে কথা বলার সুযোগ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights