ফ্লাইটে ঘুমন্ত নারীকে যৌন নিপীড়ন, পাকিস্তানি যাত্রীর ৩ বছরের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে যাওয়া একটি রাতের ফ্লাইটে ঘুমন্ত এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানি এক যাত্রীকে আটক করেছে থাই পুলিশ। বিমানটি ব্যাংককে অবতরণের পর তাঁকে আটক করা হয়। পরে আদালত ওই যাত্রীকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন।
ভুক্তভোগী থাই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বিউট অর্ননিচা নামে পরিচয় দিয়েছেন। গত সোমবার ৩ আগস্ট ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ওই রাতের ফ্লাইটে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা জানান।
অর্ননিচা জানান, চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দুবাই থেকে ব্যাংকক যাচ্ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পর তিনি লক্ষ করেন, কাছের আসনে বসা এক পাকিস্তানি যাত্রী তাঁর আসনের ওপর হাত রেখে বসে আছেন। বিষয়টি কিছুটা অস্বাভাবিক মনে হলেও তখন তিনি সেটিকে গুরুত্ব দেননি।
পরে সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে আগে থেকেই খাওয়া ঘুমের ওষুধের প্রভাবে মেয়ের পাশে গভীর ঘুমে তলিয়ে যান তিনি।
একপর্যায়ে ঘুম ভাঙার পর অর্ননিচা অনুভব করেন, কেউ তাঁর শরীরের ডান পাশের নিতম্বের কাছে স্পর্শ করছে। একই সঙ্গে সেখানে ভেজা অনুভূতিও পান। তখন তাঁর গায়ে একটি কম্বল ছিল।
প্রথমে বিষয়টি নিয়ে তিনি বিভ্রান্ত ছিলেন। তবে কিছুক্ষণ পর পাশের ওই যাত্রীকে তাঁর দিকে তাকিয়ে থাকতে এবং বিমানের বিনোদনব্যবস্থার স্ক্রিন নিয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখে তাঁর সন্দেহ আরও বাড়ে।
অর্ননিচার অভিযোগ, ঘুমের ওষুধের কারণে তিনি অচেতন অবস্থায় ছিলেন এবং ওই যাত্রী তাঁর ঘুমের সুযোগ নিয়েই যৌন নিপীড়ন চালিয়েছিলেন। ঘটনার মাঝামাঝি সময়েই তাঁর ঘুম ভেঙে যায়।
বিমানটি ব্যাংককে অবতরণের প্রায় দেড় ঘণ্টা আগে তিনি এক বিমানবালাকে পুরো ঘটনা জানান। পরে বিমানকর্মীরা অভিযুক্ত যাত্রীর মুখোমুখি হলে তিনি অভিযোগ স্বীকার করেন, কান্না করেন এবং বারবার ক্ষমা চান।
তবে ভুক্তভোগী বিষয়টি কোনোভাবেই মীমাংসা করতে রাজি হননি। তিনি ব্যাংককে বিমান অবতরণের পর পুলিশ উপস্থিত রাখার অনুরোধ করেন।
এ সময় সহায়তার জন্য আসা এক থাই কেবিন ক্রু সদস্য ভুক্তভোগীর প্যান্টে একটি দাগ দেখতে পান। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘুমন্ত অবস্থায় তাঁর সঙ্গে আরও গুরুতর ঘটনা ঘটেছে বলে ধারণা করেন।
গতকাল বুধবার ৫ আগস্ট দেওয়া এক হালনাগাদ পোস্টে অর্ননিচা জানান, থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করে। আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করেছেন। পাশাপাশি ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
নিয়মিত আন্তর্জাতিক ভ্রমণকারী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া অর্ননিচা বলেন, বহুবার বিদেশ ভ্রমণ করলেও এর আগে কখনো এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হননি। তিনি সহযাত্রীদের, বিশেষ করে অপরিচিত আসনসঙ্গীর ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যও জানিয়েছেন তিনি, যাতে আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের সময় যাত্রীরা আরও সচেতন ও সতর্ক থাকতে পারেন।
সূত্র: ব্যাংকক পোস্ট
