বগুড়ায় ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার কাহালুতে যাত্রীবেশে ইজিবাইকে উঠে কিশোর চালক সায়েল আলী (১৬) হত্যা করা হয়। ইজিবাইক ছিনতাই করার জন্যই তাকে হত্যা করে ১৭ বছর বয়সী আরেক কিশোর। গ্রেফতারের পর ওই কিশোর আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। পরে তার বসতবাড়ির পাশ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়।

বুধবার পিবিআই বগুড়ার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৪ ডিসেম্বর বিকেলে কাহালুর কালাই ইউনিয়নের সুখানপাড়া গ্রামের কাউড়া – কালিতলা সড়কের পাশে একটি খড়ের গোদার নিচে থেকে চালক সায়েলের মুখ বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পিবিআই পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, নিহত সায়েল বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার বাসীন্দা। গত ২১ ডিসেম্বর সকালে প্রতিদিনের মতোই সে শহরের ফুলবাড়ির একটি গ্যারেজ থেকে ইজিবাইক ভাড়া নিয়ে বের হয়। রাতেও বাড়ি ফিরে না আসায় সায়েলের মা উর্মি বেগম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পান। পরে ২২ ডিসেম্বর তিনি বগুড়া সদর থানায় একটি জিডি করেন। এর দুইদিন পর কাহালুতে একটি খড়ের গোদার নিচ থেকে মরদেহ উদ্ধার হলে ছেলের মরদেহ শনাক্ত করেন উর্মি। এই ঘটনায় পরদিন ২৫ ডিসেম্বর কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পরিকল্পনা অনুযায়ী গ্রেফতার কিশোর ২১ ডিসেম্বর বিকেলে তার তিন সহযোগী নিয়ে সায়েলের ইজিবাইক ভাড়া করে। পরে তাকে অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে সুখানপাড়া গ্রামের কাউড়া-কালিতলা সড়কে নিয়ে গিয়ে ইজিবাইকটি ছিনতাই করে। এই সময় সায়েল বাধা দিতে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । পরে লাশ গুম করার জন্য খড়ের গোদার মধ্যে লুকিয়ে রাখে।

পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আরও বলেন, গ্রেফতার আসামির জবানবন্দি অনুযায়ী জড়িত বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। বুধবার সকালে গ্রেফতার কিশোর ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights