বগুড়ায় কমছে যমুনার পানি, বেড়েছে ভাঙন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় যমুনার নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমলেও সারিয়াকান্দি উপজেলায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। প্রশাসন বলছে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, বগুড়ার তিন উপজেলায় যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। শনিবার সন্ধ্যা ৬ টায় পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তখন পানির উচ্চতা ছিল ১৬.১৭ মিটার। এরপর রবিবার সকাল পর্যন্ত পানি স্থিতিশিল ছিল। তারপর থেকে পানি কমতে থাকে। একই দিনে বিকাল ৩টায় পানির উচ্চতা হয় ১৬.১৬ মিটার। অর্থাৎ রবিবার বিকাল ৩টা থেকে সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে।

এদিকে পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করায় উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, কর্ণিবাড়ী এবং বোহাইল ইউনিয়নের সম্পূর্ণ এবং হাটশেরপুর, সারিয়াকান্দি সদর এবং চন্দনবাইশা ইউনিয়নের নীচু এলাকার হাজারো পরিবার এখনো পানিবন্দী আছেন।
অন্যদিকে কয়েকদিনের অব্যাহত পানি বৃদ্ধিতে উপজেলার বোহাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী ধারাবর্ষা গ্রামে ভাঙন শুরু হয়েছে। গত ১৫ দিনে নদীভাঙনের শিকার হয়ে ১০০ টির বেশি পরিবারের বাড়িঘর এলাকাছাড়া হয়েছেন। যমুনার ভাঙনে হারিয়েছেন তাদের ভিটেমাটি।

গত কয়েকদিন আগেই বসতবাড়ি ভেঙে অন্যত্র আশ্রয় নিয়েছেন ৫০টি পরিবারের লোকজন। ভাঙন এলাকার নদীতীরের ৫০ মিটারের মধ্যে বসবাস করছেন প্রায় ১৫ টি পরিবারের লোকজন। এ পর্যন্ত প্রায় ১২০০ বিঘা ফসলি জমি বিলীন হয়েছে যমুনায়। ভাঙন হুমকিতে রয়েছে এ গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ধারাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি ভাঙন এলাকার মূল তীর হতে মাত্র ১০০ মিটার দূরে অবস্থান করছে। সেখানে চলছে নতুন ভবন নির্মাণকাজ। উপজেলার ঐতিহ্যবাহী এ গ্রামের লোকসংখ্যা ১৫ হাজারের বেশি। নদী ভাঙনে দিশেহারা হয়ে ভাঙন আতঙ্কে রয়েছে এ বিশাল জনগোষ্ঠীর ১৩ টি মসজিদ এবং বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। হুমকিতে রয়েছে এ উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র ধারাবর্ষা ফরেস্ট বাগান। যেখানে ১০০০ হেক্টর জমিতে সরকারের রয়েছে কয়েক কোটি টাকার কাষ্ঠল মেহগনি বৃক্ষ। যেখানে প্রতিবছর হাজারো দর্শনার্থীরা আসেন বনভোজন করতে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, পানি আরও কয়েকদিন এভাবে কমতে থাকবে। তারপর আবারও বাড়ার সম্ভাবনা আছে। তবে আগামী ২ সপ্তাহের মধ্যে বড় ধরনের কোনো বন্যা হওয়ার সম্ভাবনা নেই। সারিয়াকান্দি উপজেলায় নতুন করে ভাঙন কবলিত এলাকায় সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষপে গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights