বগুড়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় পৃথক অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের জহুরুল নগর এলাকা থেকে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার আব্দুল মালেক জেলার সোনাতলা উপজেলার আগুনের তাইড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের জহুরুল নগর এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। তার নামে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মটুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মনিরুজ্জামান মটু শিবগঞ্জ উপজেলার মহাস্থান মধ্যপাড়া এলাকার মৃত মজিবর রহমান তোতার ছেলে। তিনি উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মটুকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
