বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

শোবিজ ডেস্ক
বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খান সাধারণত তার গম্ভীর মেজাজের জন্যই পরিচিত। তবে সম্প্রতি প্রিয় বন্ধুর বিয়েতে একবারে ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। বিয়ের একটি অত্যন্ত জনপ্রিয় ও মজাদার রীতি ‘জুতা চুরি’ পালন করতে গিয়ে আক্ষরিক অর্থেই যুদ্ধের ময়দানে নেমে পড়লেন আরিয়ান।

রিয়া নাদকার্নি এবং মাহির মেহতার বিয়ের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা হেসেই কূল পাচ্ছেন না।

বিয়ের ইভেন্ট প্ল্যানার ‘জেস্ট ইভেন্টস’-এর শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, আরিয়ান খান জিনস এবং বাদামী রঙের জ্যাকেট পরে ক্যাজুয়াল লুকে আড্ডায় মেতেছিলেন। কিন্তু বিয়ের রীতি অনুযায়ী যখন কনের বাড়ির লোকজন বরের ‘জুতা চুরি’র চেষ্টা করেন, তখন বন্ধুর মান রক্ষায় ঝাঁপিয়ে পড়েন তিনি। বরের জুতা শক্ত করে ধরে রেখে তিনি প্রতিপক্ষের সঙ্গে রীতিমতো দড়ি টানাটানি খেলায় মেতে ওঠেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন আরিয়ান, তবু দমে যাননি তিনি। ভিড়ের মধ্যে সবার টানাটানি সামলে এবং দক্ষভাবে অন্যদের এড়িয়ে শেষ পর্যন্ত জুতোটি নিয়ে চম্পট দিতে সফল হন তিনি।

আয়োজকরা এই মজার মুহূর্তটির ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা, হাসি আর বিশৃঙ্খলার এক জমজমাট লড়াই।

আরিয়ান খান সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এই সিরিজের পরিচালক, লেখক এবং শো-রানার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এতে ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল এবং মোনা সিংয়ের মতো তারকারা অভিনয় করেছেন, পাশাপাশি বেশ কিছু বড় মাপের ক্যামিও চরিত্রও রয়েছে এই সিরিজে।

তবে কাজের ব্যস্ততার মাঝে প্রিয় বন্ধুর বিয়েতে তার এই লড়াকু এবং মজার রূপটি ভক্তদের বেশ আনন্দ দিয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights