বন্ধ কক্ষ থেকে দুর্গন্ধ, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সহপাঠীরা জানান, ভবনের নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীরা মেস হিসেবে ব্যবহার করেন। উচ্ছ্বাস কর্মকার একটি কক্ষে একাই থাকতেন। কক্ষটি দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ ছিল এবং সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পাশের শিক্ষার্থীরা পুলিশকে খবর দেন। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
