বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ বছরে ২৬ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে মৌসুমের সর্বোচ্চ ১০৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩০ রোগী।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সূর্যমণি এলাকার অজুফা (৪৫) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কহিনুর বেগম (৪০) মারা যান। তারা দুজনেই বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, বরিশালের বিভিন্ন হাসপাতালে ১৯ জন, পটুয়াখালীতে পাঁচজন, ভোলায় ১৪ জন, পিরোজপুরে ১৯ জন, বরগুনায় সাতজন ও ঝালকাঠিতে একজন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

গত ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে তিন হাজার ৬৭২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩১৬ জন।

এ সময়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২০ জন। এছাড়া বিভাগের বরগুনায় দুইজন, পটুয়াখালীতে দুইজন, ভোলায় ও পিরোজপুরে একজন করে মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights