বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়: সম্ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতার চ্যালেঞ্জ
সিরাজুল ইসলাম
বাংলাদেশ ও চীনের সম্পর্ক এখন এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যখন ঐতিহাসিক বন্ধুত্বকে নতুন অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পরিবর্তনশীল বিশ্বরাজনীতি, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা এবং বাংলাদেশের উন্নয়ন-আকাঙ্ক্ষা এই সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সাম্প্রতিক সাক্ষাৎ এবং ঢাকায় অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস রাউন্ডটেবিল’ সেই সম্ভাবনাকে নতুনভাবে সামনে এনেছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর, তিস্তা মহাপ্রকল্প এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতির প্রশ্নে দুই দেশের সহযোগিতা এখন কতটা কার্যকর হয়ে ওঠে, সেটিই দেখার বিষয়।
বাংলাদেশ-চীন সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি সুদৃঢ় করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। তাঁর শাসনামলে দুই দেশের সম্পর্ক রাজনৈতিক সৌহার্দ্যের গণ্ডি পেরিয়ে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার দিকে অগ্রসর হয়। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার সরকারও সেই ধারাবাহিকতা বজায় রাখে। বিভিন্ন সরকারের আমলে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারিত হয়েছে। ফলে এই সম্পর্ক এখন কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং বাংলাদেশের দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
এবার সেই ঐতিহাসিক সম্পর্কের সঙ্গে যুক্ত হয়েছে একটি তাৎপর্যপূর্ণ প্রজন্মগত মাত্রা। লিউ হাইশিংয়ের বাবা ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ছিলেন। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন। আজ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তৎকালীন চীনা রাষ্ট্রদূতের ছেলে লিউ হাইশিং দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে অধিষ্ঠিত। দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন যথার্থভাবেই এই ঐতিহাসিক যোগসূত্র তুলে ধরে দুই নেতাকে তাঁদের পিতাদের প্রতিষ্ঠিত বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে সম্পর্কের এই ঐতিহাসিক ভিত্তির প্রকৃত সার্থকতা নির্ভর করবে বাস্তব অর্জনের ওপর। বাংলাদেশকে এখন দেখতে হবে, চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কীভাবে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ করা যায়।
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই সুবিধাকে কার্যকর অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারলে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।
প্রস্তাবিত ত্রিদেশীয় করিডর বাস্তবায়িত হলে সড়ক, রেল, বন্দর, শিল্পাঞ্চল ও সীমান্তবাণিজ্যের মধ্যে সমন্বিত যোগাযোগ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ বৃদ্ধি পেলে পরিবহন ব্যয় কমতে পারে, নতুন বিনিয়োগ আকৃষ্ট হতে পারে এবং রপ্তানি বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশ তখন শুধু পণ্য আমদানি ও রপ্তানির দেশ নয়, আঞ্চলিক সরবরাহব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে।
কিন্তু এই সম্ভাবনার পথে বড় বাধা মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি। দেশটির অভ্যন্তরীণ সংঘাত এবং সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা করিডর বাস্তবায়নকে জটিল করে তুলেছে। তাই শুধু অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করলেই চলবে না; প্রয়োজন রাজনৈতিক সমঝোতা, নিরাপত্তা নিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি আঞ্চলিক স্থিতিশীলতা। এখানে চীনের কূটনৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই প্রসঙ্গেই সামনে আসে রোহিঙ্গা সংকট। বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার আশ্রয়দানের বিরাট মানবিক, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ বহন করে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা মন্ত্রীর সঙ্গে বৈঠকে যথার্থভাবেই এই সংকট সমাধানে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছেন। লিউ হাইশিং প্রধানমন্ত্রীর উদ্বেগ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
কিন্তু বাংলাদেশের প্রয়োজন শুধু আশ্বাস নয়, কার্যকর কূটনৈতিক উদ্যোগ। মিয়ানমারের ওপর চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে। সেই প্রভাব ব্যবহার করে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বেইজিংকে আরো সক্রিয় হতে হবে। নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না করে প্রত্যাবাসনের উদ্যোগ স্থায়ী সমাধান দিতে পারবে না। একই সঙ্গে মনে রাখতে হবে, রোহিঙ্গা সংকটের সমাধান এবং অর্থনৈতিক করিডর বাস্তবায়ন পরস্পর সম্পর্কিত হলেও একটি অন্যটির বিকল্প নয়। মানবিক অধিকারকে কোনো অর্থনৈতিক প্রকল্পের শর্তে পরিণত করা সমীচীন হবে না।
বাংলাদেশ–চীন সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তিস্তা মহাপ্রকল্প। উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা, কৃষি উৎপাদন, নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের সঙ্গে তিস্তা সরাসরি সম্পর্কিত। দীর্ঘদিন ধরে আলোচিত এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
তবে প্রকল্পটির ক্ষেত্রে প্রয়োজন যথাযথ সম্ভাব্যতা যাচাই, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, অর্থায়নের স্বচ্ছতা এবং স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণ। তিস্তার পানিবণ্টনের প্রশ্নটিও উপেক্ষা করা যাবে না। নদী ব্যবস্থাপনার অবকাঠামোগত উন্নয়ন এবং ন্যায্য পানিপ্রাপ্তির কূটনৈতিক প্রচেষ্টা সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। চীনের সহযোগিতা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই হতে হবে চূড়ান্ত বিবেচনা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগও এক্ষেত্রে প্রাসঙ্গিক। কৃষি, পানি ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও উন্নয়ন সহযোগিতা এ ধরনের উদ্যোগে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি। চীনের সমর্থন এ প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। বিশ্বের বৃহৎ এই আঞ্চলিক বাণিজ্য কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ, বিনিয়োগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তবে সম্ভাব্য প্রতিযোগিতার জন্য দেশীয় শিল্পকে প্রস্তুত করা, শুল্কনীতি পর্যালোচনা এবং বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনাও জরুরি।
বিশ্বব্যাংক এবং আইএমএফের কঠোর শর্তযুক্ত ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে উন্নয়ন অর্থায়নের বিকল্প উৎস অনুসন্ধানের যে আহ্বান এ এম এম বাহাউদ্দীন জানিয়েছেন, সেটিও গুরুত্বের দাবি রাখে। তবে বিকল্প অর্থায়ন মানেই নির্বিচারে ঋণ গ্রহণ নয়। চীনা বিনিয়োগ ও ঋণের ক্ষেত্রেও প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা, ঋণ পরিশোধের সক্ষমতা, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
এখানে আরো একটি বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন। বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে, কিন্তু তা যেন অন্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট না করে। কোনো পরাশক্তির প্রতিযোগিতায় পক্ষ হয়ে নয়, বরং স্বাধীন পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সহযোগিতা সম্প্রসারণই হওয়া উচিত বাংলাদেশের লক্ষ্য।
চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগও ইতিবাচক। তবে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো টেকসই করতে রাজনৈতিক দলের পাশাপাশি ব্যবসায়ী, গবেষক, শিক্ষার্থী, গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। রাষ্ট্রীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মধ্য দিয়ে।
সবশেষে বলা যায়, বাংলাদেশ-চীন সম্পর্কের সামনে এখন সম্ভাবনার এক নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। জিয়াউর রহমানের সময় সুদৃঢ় হওয়া বন্ধুত্বের ঐতিহ্য নতুন প্রজন্মের নেতৃত্বে আরো শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু ইতিহাসের স্মৃতিচারণ কিংবা কূটনৈতিক সৌজন্যই যথেষ্ট নয়। প্রয়োজন সুস্পষ্ট কর্মপরিকল্পনা, বাস্তবায়নের সময়সীমা এবং দৃশ্যমান অগ্রগতি।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, ত্রিদেশীয় অর্থনৈতিক করিডরের বাস্তবায়ন, তিস্তা মহাপ্রকল্পের অগ্রগতি এবং বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ- এই চারটি ক্ষেত্রে সাফল্যই হবে নতুন অধ্যায়ের প্রকৃত পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা নেতৃত্ব যদি ঐতিহাসিক বন্ধুত্বকে বাস্তব উন্নয়ন সহযোগিতায় রূপ দিতে পারেন, তাহলে তা শুধু দুই দেশের সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আঞ্চলিক অবস্থানকেও আরো শক্তিশালী করবে।
লেখক: সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক।
