বাংলাদেশ বিশ্বকাপে উপযুক্ত দল ছিল এবং ভালোই করতো: মঈন আলী

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। বাংলাদেশের বদলে বিশ্বকাপে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। শুরু থেকেই ভারতে না খেলার কথা বলে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আইসিসিও শেষ মুহূর্তে সূচি বদলাতে পারেনি। ফলে বাংলাদেশের বিশ্বকাপ খেলা আর হয়নি।

৩ ফেব্রুয়ারি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে দল থেকে ফিজকে বাদও দিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তাতেই যেন ক্ষোভের আগুন জ্বলে ওঠে বাংলাদেশে। বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে না চেয়ে আইসিসিকে মেইল পাঠায় বাংলাদেশ। প্রায় ৩ সপ্তাহ ধরে দফায় দফায় মিটিং শেষে ২৪ জানুয়ারি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার ঘোষণা দেয় আইসিসি।

মুস্তাফিজ ইস্যুতে শুরু থেকেই খেলার সাথে মিলেমিশে ছিল রাজনীতি। যদিও এমনটা কারোরই কাম্য নয়। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে হতাশা ঝরেছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীর কণ্ঠে।

ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে মঈন বলেছেন, ‘(বাংলাদেশের বিশ্বকাপে না খেলার) বিষয়টি দুঃখের। আমার মনে হয় বাংলাদেশ এই বিশ্বকাপে ভালোই করতো। তারা উপযুক্ত দল ছিল। রাজনৈতিক ব্যাপারগুলো অনেক দিন ধরেই ঘটছে। আশা করি সামনে এসবের সমাধান আসবে এবং আশা দরকারও। কারণ আপনি সেরা দলগুলোকে বিশ্বকাপে খেলাতে চাইবেন। ফলে কোনো দল বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে এমনটা দেখাটা দুঃখজনক ব্যাপার। অনেক দেশে এগুলো অনেক বড় ব্যাপার। এসব থেকে অনেক বড় ঘটনাও ঘটে যেতে পারে। আশা করি সামনে ২-৩ বছরের মধ্যে এসবের সমাধান বের হবে। বিষয়টি দুঃখের, তবে এখন আর কিছু করার নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights