বাকৃবিতে ‘মেহেদী উৎসব’, ঈদের আমেজে মাতলেন শিক্ষার্থীরা
ময়মনসিংহ প্রতিনিধি:
ঈদকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘মেহেদী উৎসব’। ‘মেহেদীর রঙে শুরু হোক ঈদের আনন্দ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে অংশ নিয়ে আনন্দে মাতেন নারী শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ছয়টি ছাত্রী হলের শিক্ষার্থীদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মেহেদী পরানোর পাশাপাশি বিভিন্ন আয়োজন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে মেহেদী ডিজাইন নিয়ে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের মেহেদী ডিজাইনের ছবি ফেসবুকে নির্ধারিত হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করেন। পরে পোস্টগুলোর লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা বিবেচনা করে বিজয়ী নির্বাচন করা হয়।
এছাড়া অংশগ্রহণকারীদের জন্য কুপনের মাধ্যমে লটারির ব্যবস্থা করা হয়। লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জনকে পুরস্কৃত করা হয়।
কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসমিয়া ফাইরুজ বলেন, “ক্যাম্পাসে এমন আয়োজন সত্যিই আনন্দের। চারপাশে উৎসবের আবহ তৈরি হয়েছে। মেহেদী উৎসবের মধ্য দিয়ে ঈদের আনন্দ যেন আগেভাগেই চলে এসেছে।”
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মো. আতিকুর রহমান বলেন, “গ্রামবাংলায় একসময় মেহেদী পাতা তুলে হাতে লাগানোর একটি সুন্দর ঐতিহ্য ছিল। আধুনিক ব্যস্ত জীবনে সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন।”
বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিকা তাবাসসুম খান বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন সৃজনশীল ও ঐতিহ্যভিত্তিক আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
