বাগেরহাটে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন করে শনাক্ত ১৫

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কৌশিক নন্দী নামে সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় শিশুটি।

মৃত শিশু উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার নন্দীর একমাত্র সন্তান।

এদিকে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে সরকারি, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বাগেরহাট ২৫০ বেড জেলা হাসপাতালে দুজন ও শরণখোলা হাসপাতালে দুজন ভর্তি হয়েছেন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে দু’সপ্তাহে বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু কৌশিক নন্দী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে নমুনা পরীক্ষায় শিশুটি ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়। শরণখোলা হাসপাতালে গত ৯ দিনে পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বাগেরহাট জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অনার্স অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক এস এম নুরুল ইসলাম লিটন জানান, বাগেরহাটে সর্বত্র ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বাগেরহাট শহরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বাগেরহাট ২৫০ বেড জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার সমাদ্দার জানান, বাগেরহাটে এখন প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দু’সপ্তাহে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ জন। বর্তমানে বাগেরহাট ২৫০ বেড জেলা হাসপাতালে দুজন ভর্তি রয়েছেন। জ্বর ও সর্দি জনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই জেলা হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। রোগীর চাপ বেশি থাকায় বেড সংকটের কারণে অনেকেই ফ্লোরে থেকে চিকিৎসা নিচ্ছেন। জনবল সংকট থাকায় ডেঙ্গুসহ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও স্বাস্থ্যসেবা নিশ্চিতে চেষ্টার কথা জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights