বাগেরহাটে পৃথক ঘটনায় দু’জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পৃথক ঘটনায় দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
নিহত আব্দুল গফ্ফার শেখ খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে। তিনি বিএনপিকর্মী বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খিতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার দুপুরে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চা দোকানি খিতিশ চন্দ্র গাইন চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে।
স্থানীয়ভাবে জানা গেছে, চা দোকানি ক্ষীতিশ গাইনের সাথে একই গ্রামের সকিনুর শেখের জমি নিয়ে বিরোধ ছিল। দুপুরে এই বিষয় নিয়ে সালিশ বৈঠক হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়। ফলে সব লোকজন চলে যায়। পরবর্তীতে প্রতিপক্ষ সকিনুর ক্ষিতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশকে উদ্ধার করে চিতলমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের জেরে কচুয়ায় একজন এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারিতে একজনকে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হবে। হত্যাকারীদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে। নিহতদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হবে বলে জানান এই কর্মকর্তা।
