বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই গুঞ্জন উঠেছিল যে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকছেন না আকিব জাভেদ। অবশেষে সত্যি হয়েছে সেই গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে নতুন কোচের জন্য নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি গণমাধ্যমগুলোর দাবি, মেয়াদ দীর্ঘায়িত করার প্রস্তাব দেওয়া হয়েছিল আকিবকে। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি। এতে করে পাকিস্তানকে নতুন কোচ খুঁজতে হচ্ছে।

গত নভেম্বরে গ্যারি কারস্টেনকে সাদা বলের কোচের পদ থেকে সরিয়ে দেয় পিসিবি। সেই সময় আকিবকে দায়িত্ব দেয় তারা। এরপর লাল বলের দায়িত্ব থেকে জেসন গিলেস্পিকেও সরিয়ে দেয়া হয়। এতে করে তিন ফরম্যাটেই কোচের দায়িত্ব পান পাকিস্তানের সাবেক এই পেসার। তবে তার অধীনে পাকিস্তান দলের পারফরম্যান্সে কোনো উন্নতির ছাপ পড়েনি।

ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক হেসন পাকিস্তানের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। নিউজিল্যান্ডের এই সাবেক কোচকেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হতে পারে।

বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হেসন। এরই মধ্যে হেসন ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে আলোচনাও চলছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

এর আগে, গত বছরও তার সঙ্গে কথা বলেছিল পিসিবি। কিন্তু পূর্ববর্তী প্রতিশ্রুতির কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাবেক প্রধান কোচ সাকলাইন মুশতাককেও বিবেচনা করা হচ্ছিল নতুন প্রধান কোচ হিসেবে। তবে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন হেসন। স্থানীয় কোচদের আগ্রহ না থাকায় আবারও বিদেশি কোচের শরণাপন্ন হতে পারে পিসিবি। তারা নিজের বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেছে আবেদনকারীদের অবশ্যই লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট থাকতে হবে এবং আবেদনের শেষ তারিখ ৪ মে।

২০১২ সালের জুলাই মাসে জন রাইটের স্থলাভিষিক্ত হয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন মাইক হেসন। কিউইদের দায়িত্ব ছাড়লেও কোচিং পেশাতেই ছিলেন তিনি। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights