বাবাকে হত্যার পর ৯৯৯-এ কল দিয়ে পুলিশে জানালেন মেয়ে

অনলাইন ডেস্ক

সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালেন মেয়ে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করে।

আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় আব্দুল কাদেরের মালিকাধীন নূর মোহাম্মদ ভিলার ৫ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুর সাত্তার (৫৬) নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। অপরদিকে আটক হয়েছেন নিহতের মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)।

আব্দুস সাত্তারের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। তিনি স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং কম্পিউটারের দোকানে চাকরি করতেন।

পুলিশ জানায়, ২০২২ সালে নাটোর জেলার সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন শিফা। সেই মামলায় জেল খেটে সাভারে মেয়ের সঙ্গে আবার বসবাস শুরু করেন সাত্তার। এ ঘটনার জেরে তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এটিই হত্যার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাভার মডেল থানায় জান্নাতের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights