বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান, দেশজুড়ে নিষিদ্ধ পলিথিন জব্দসহ ইটভাটা ধ্বংস

অনলাইন ভার্সন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে একাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পালের নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাখার দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী অভিযান পরিচালিত হয়। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইদিনে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

রংপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রয়ের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি মামলার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৪ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকটি সুপারশপসহ দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়।

এ ছাড়া বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও যশোর জেলায় ৩টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। চারটি মামলায় মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে পুড়িয়ে ফেলা হয়। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights