বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’?
অনলাইন ডেস্ক
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। মাঝে শহরটির বায়ুমান বৃষ্টির কারণে কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই শহরটির বাতাসে ফের বাড়ছে দূষণ
তবে দূষণে মাত্রা অন্য দিনের চেয়ে আজ বৃহস্পতিবার কিছুটা কম। ১৮২ স্কোর নিয়ে এই মেগাসিটি তালিকার অষ্টমে রয়েছে। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৮৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
এদিকে, একই সময়ে ২৫১ স্কোর নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের উহান। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, যার স্কোর ২২৭। এ ছাড়া চীনের হ্যাংজু ও বেইজিং যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে, যাদের স্কোর ২০৫ ও ২০১।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
