বালিয়াকান্দিতে দোকানে হামলা-লুটপাটের অভিযোগ, থানায় মামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. আব্দুল ছালাম মোল্লা নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের খালপাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় নগদ ৫৭ হাজার টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুটে নেওয়া হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন। এ ঘটনায় আব্দুল ছালাম বাদী হয়ে স্থানীয় ৮ জনসহ অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত পক্ষ এই দাবি অস্বীকার করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সকালে জামালপুর ইউনিয়নের খালপাড়ি ব্রিজ সংলগ্ন দোকানে মো. কবির শেখ, হাছিব শেখ, মো. সাখাওয়াত শেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ব্যাবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলার সময় ব্যাবসা প্রতিষ্ঠানের মধ্যে থাকা ৫৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

আব্দুল ছালাম মোল্লা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মুদিখানার ব্যাবসা করে আসছি। গতকাল শুক্রবার একটি ঝামেলা হয়েছিল। স্থানীয়রা সেটির সমাধান করে দেয়। শনিবার সকালে আমি ব্যাবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় আমাদের দোকানে হামলা ও ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়।’

এ বিষয়ে অভিযুক্ত কবির শেখ বলেন, ‘গতকাল আমি বহরপুর বাজারে পেঁয়াজ কিনতে যাই। এ সময় রিপন মোল্লাসহ বেশ কয়েকজন আমার কাছে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেটি থেকে বাঁচার জন্য তারা নিজের দোকান নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর দায় চাপাচ্ছেন।’

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব বলেন, ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার সংবাদে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় ব্যবসায়ী আব্দুর ছালাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights