বিএনপি নেতা চাঁদ ফের ৩ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আবারও তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ৫ দিনের রিমান্ড শেষে চাঁদকে আদালতে তুলে পুলিশ ১০ দিনের রিমান্ড চায়। রাজশাহী জেলা ও দায়রা জজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে আনা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার এই মামলা বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের কাছে আছে। তারাই বিএনপি নেতা চাঁদকে জিজ্ঞাসাবাদ করবেন।
এর আগে গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করে বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়। ওই রিমান্ড শেষ হওয়ার পর মঙ্গলবার আবারও তাকে আদালতে তোলা হলে তিন দিনের রিমান্ডে দেন আদালত।

উল্লেখ্য, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ চাঁদের এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেয় আওয়ামী লীগ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights