‘বিগ বস’ বাংলা নিয়ে নতুন অভিজ্ঞতার কথা জানালেন সৌরভ
১৫ বছরেরও বেশি সময় ধরে বলিউড সুপারস্টার সালমান খান ‘বিগ বস’-এর মুখ হয়ে আছেন। সপ্তাহের বিশেষ পর্ব থেকে শুরু করে প্রতিযোগীদের সঙ্গে তার নিজস্ব ঢঙে কথোপকথন, সব মিলিয়ে এই অনুষ্ঠানটি যেন তার সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি যখন ‘বিগ বস বাংলা’-র দায়িত্ব নিলেন, তখন স্বাভাবিকভাবেই তুলনার বিষয়টি সামনে চলে আসে।
কিন্তু এমন একটি অনুষ্ঠান যার সঙ্গে একজন শক্তিশালী উপস্থাপকের পরিচিতি গভীরভাবে মিশে আছে, সেখানে কাজ করতে গিয়ে কি কোনো বাড়তি চাপ অনুভব করেছিলেন তিনি? ভারতের সাবেক ক্রিকেট অধিনায়কের মতে, তেমনটা নয়। ‘ইন্ডিয়া টুডে’-র সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে নতুন এই টেলিভিশন যাত্রার বিষয়ে কথা বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সালমান খানের ১৫ বছরের দীর্ঘ উত্তরাধিকার এবং দর্শকদের প্রত্যাশা সামলানোর চ্যালেঞ্জ নিয়ে তিনি আলোচনা করেছেন।
আকর্ষণীয় বিষয় হলো সৌরভ নিজেও ‘বিগ বস’-এর একজন দর্শক। সালমান খান যেভাবে হিন্দি সংস্করণে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন, তা তিনি দেখেছেন। এছাড়া তিনি সংগীতভিত্তিক রিয়ালিটি শো দেখতেও পছন্দ করেন। এমনকি ‘দাদাগিরি’র বাংলা কুইজ শো-টি তিনি এক দশক ধরে সঞ্চালনা করেছিলেন।
ক্রিকেটের বাইরে অন্য কিছু দেখেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সংগীতভিত্তিক অনুষ্ঠান দেখি, কারণ সেখানে অনেক প্রতিভার দেখা মেলে। আমি ‘বিগ বস’-এ সালমানকে দেখি; তার উপস্থাপনা একদম আলাদা। ‘বিগ বস’-এর দক্ষিণ ভারতীয় সংস্করণগুলোর ভাষা আমি বুঝি না, তবে বুঝতে পারলে নিশ্চয়ই দেখতাম। তবে হ্যাঁ, আমি রিয়ালিটি শো দেখি। এখনও ‘দাদাগিরি’ দেখি; দেব খুব ভালো কাজ করছে।
সালমান খান যে অনুষ্ঠানের সমার্থক হয়ে উঠেছেন, সেই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেওয়াটা কি কোনো চাপ বা প্রতিযোগিতার অনুভূতি তৈরি করেছে? হেসে সৌরভ বলেন, না, আমি কোনো চাপ নিই না। সালমান ১৫ বছর ধরে এটি করেছেন, আর এটি আমার প্রথম বছর। ১৫ বছর পার করার পর আমি এই প্রশ্নের উত্তর দেব।
তবে ‘বিগ বস বাংলা’ সঞ্চালনার প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজি হননি। ২০১০ সাল থেকে টানা ১০ বছর ‘দাদাগিরি’-র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওই অনুষ্ঠানটি বাংলায় অত্যন্ত জনপ্রিয় বা ‘কাল্ট’ শো-তে পরিণত হয়েছে। তিনি নতুন কিছু করার অপেক্ষায় ছিলেন। তাই জিও-হটস্টার যখন তাকে এই প্রস্তাব দেয়, তখন প্রথম প্রতিক্রিয়ায় তিনি ‘না’ বলে দিয়েছিলেন।
তিনি বলেন, আমি টিভিতে ‘বিগ বস’ দেখেছি, কিন্তু আমি নতুন কিছু করতে চেয়েছিলাম। আমি ১০ বছর ধরে ‘দাদাগিরি’-র মতো একটি দুর্দান্ত শো-এর সঙ্গে যুক্ত ছিলাম, যা বাংলায় অত্যন্ত জনপ্রিয়। টানা ১০ বছর এটি করার পর আমি কিছুটা পরিবর্তন চেয়েছিলাম। এরপর যখন আমি বিসিসিআই সভাপতি ছিলাম, তখন জিও-হটস্টার আমার কাছে এসে জানতে চায়, আপনি কি এটি করতে আগ্রহী? আমি প্রথমে না বলেছিলাম, কারণ এটি একেবারেই অন্যরকম একটি শো ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি রাজি হলাম, আর আজ আমি যেখানে আছি, তা আপনারা দেখছেন। আমি এখন এটি উপভোগ করতে শুরু করেছি এবং আমার কাজটিকে আমি পছন্দ করি।
তবে গাঙ্গুলি স্পষ্ট করেই বলেন, একটি ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া আর ‘বিগ বস’ অনুষ্ঠানটি পরিচালনা করা এই দুটির অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। ‘বিগ বস’-এর ঘর সামলানো কি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার চেয়েও কঠিন এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, এটি অন্যরকম। একবার শো-টির ধরন বুঝে গেলে আর কঠিন মনে হয় না। আমি সবসময়ই কোনো না কোনো নেতৃত্বের অবস্থানে থেকেছি। তাই সেই দিক থেকে দেখলে এটি অবাক হওয়ার মতো কিছু নয়, তবে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া আর এই কাজটি করা দুটোর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন।
‘বিগ বস বাংলা’ নিয়ে আলোচনা কেবল শো-এর পর্বগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চলছে অনলাইন বিতর্ক। ফলে দর্শকদের মতামত এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কেউ কেউ চান তিনি আরও কঠোর হোন, আবার কারও মতে প্রতিযোগীদের প্রতি তিনি বড্ড বেশি নমনীয়।
এ প্রসঙ্গে সৌরভ বলেন, সবাই আমাকে বলে কী করা উচিত, আবার কী তাদের পছন্দ নয়, সে কথাও জানায়। আর তখনই বোঝা যায় যে মানুষ শো-টি দেখছে। আমিও মাঝেমধ্যে জানতে চাই তাদের মতামত কী, শো বা আমার উপস্থাপনা নিয়ে তারা কী ভাবছে। কেউ বলে আমি খুব নরম, কেউ বলে আমার আরও একটু কড়া হওয়া উচিত বা চিৎকার করা উচিত। কিন্তু বাস্তব জীবনে আমি যেমন, ঠিক তেমনই আছি।
শো-টি নিয়ে অনলাইনে নানা আলোচনা চললেও, গাঙ্গুলি নিজে সোশ্যাল মিডিয়ার এই কোলাহল থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তার মতে, সবসময় জনমত অনুসরণ করতে গেলে মূল কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে। তিনি আরও বলেন, আমি সোশ্যাল মিডিয়ার দিকে খুব একটা নজর দিই না, কারণ সবকিছুর খোঁজ রাখতে গেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে। সবারই তো নিজস্ব মতামত থাকে। আর অতিরিক্ত মতামত থাকলে তা মূল কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয়। একজন পরিচিত মুখ হিসেবে জীবনের নানা ক্ষেত্রে আমি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।
পরবর্তী সিজনের বিষয়ে বলতে গেলে সৌরভ গঙ্গোপাধ্যায় এই পথচলা চালিয়ে যেতে বেশ আগ্রহী। তিনি সঞ্চালক হিসেবে ফিরে আসবেন কি না। এমন প্রশ্নের উত্তরে তিনি তৎক্ষণাৎ বলেন, হ্যাঁ, আমি অবশ্যই করব। আমার এটা ভালো লাগে, তাই আমি আবারও এটি করব।
