বিজেপির ১৯৫ জন প্রার্থীর মধ্যে মুসলিম মুখ মাত্র ১টি

দীপক দেবনাথ, কলকাতা

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম দফায় ১৯৫ টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।

শনিবার দিল্লিতে বিজেপির অন্যতম জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে সংবাদ সম্মেলন করে নামের যে তালিকা প্রকাশ করেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিসহ ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম রয়েছে। তালিকায় স্থান পেয়েছেন ২৮ জন নারী প্রার্থী, ২৭ জন তপশিলি জাতি, ৫৭ জন অন্য অনগ্রসর জাতি। কিন্তু মুসলিম মুখ মাত্র ১ জন। তিনি হলেন আব্দুল সালাম। কেরালার মালাপ্পুরম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সালাম।

কেরালার মোট ২০টি লোকসভার আসন রয়েছে, এর মধ্যে ১২ টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এরমধ্যে অন্যতম মালাপ্পুরাম কেন্দ্র।
কালিকট বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ উপাচার্য সালামকে এবার লড়াই করতে হবে কংগ্রেস এবং বাম প্রার্থীদের বিরুদ্ধে। নেমম বিধানসভা কেন্দ্রটি বরাবরই ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ’ (IUML) এর শক্ত ঘাঁটি বলে পরিচিত। এই কেন্দ্রটি গঠন হওয়ার পর থেকে IUML এর প্রার্থীরাই জয় পেয়ে আসছে। কেবলমাত্র ২০০৪ সালে একটিবারের জন্য সিপিআই প্রার্থীর কাছে পরাজিত হয়েছিল IUML প্রার্থী।

২০১৯ সালে বিজেপিতে যোগদান করেন সালাম। এরপর ২০২১ সালে নেমম বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবারের জন্য প্রার্থী হন। কিন্তু পরাজয় স্বীকার করেন। তিনি ভোট পান মাত্র ৫.৩৩ শতাংশ।

১৯৫২ সালে কেরালার তিরুর জেলায় জন্মগ্রহণ করেন সালাম। শিক্ষাবিদ হিসাবে যথেষ্ট পরিচিত একটি নাম।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত কালিকট বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের দায়িত্ব সামলেছেন সালাম। এর আগে কেরালা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সালাম।

কালিকট বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ উপাচার্য ছাড়াও বায়োলজিক্যাল সাইন্সে যথেষ্ট অবদান রয়েছে সালামের। তার লেখা ১৫৩ টি গবেষণা পত্র, ১৫ টি রিভিউ আর্টিকেল এবং ১৩ টি বই প্রকাশিত হয়েছে। তার মোট সম্পদের পরিমাণ ৬.৪৭ কোটি রুপি। থানায় তার বিরুদ্ধে কোন অপরাধের মামলাও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights