বিদেশে নেওয়ার নামে প্রতারণা, চারজনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
দুবাই ও কিরগিস্তানে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এক নারীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
বুধবার বরিশাল মানবপাচার ট্রাইবুনালে নালিশি অভিযোগ করেন বরিশালের হিজলার বাসিন্দা আবুল হোসেন।
আদালতের বিচারক সোহেল আহমেদ অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য হিজলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন, হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা হেলাল উদ্দিন ও মোকছেদ আলী আকন, ঢাকার আশুলিয়ার বাসিন্দা নিলুফা ও ডেমরার বাসিন্দা সাইফুদ্দীন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, আসামি হেলাল ভুক্তভোগী আবুল হোসেনের প্রতিবেশী। আবুল হোসেনকে দুবাই নিয়ে ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখান হেলাল। এ জন্য মোট সাড়ে তিন লাখ টাকার চুক্তি হয়। এরপর দুবাই যেতে ২০২১ সালে হিজলায় আসামি মোকছেদের বাড়িতে আরেক আসামি হেলালের কাছে দুই লাখ টাকা দেন আবুল। বাকি টাকা ভিসা পাওয়ার সময় দেওয়ার চুক্তি করেন।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আসামিরা প্রতারণা করে সাত দিনের টুরিস্ট ভিসায় দুবাই পাঠান। তারপর আসামিদের সহায়তায় দুবাইয়ের দালাল চক্র আবুলকে নিয়ে কক্ষে আটকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দালালরা দুবাই পুলিশের হাতে তুলে দেন আবুলকে।
দুবাই পুলিশ আবুলকে দেশে ফেরত পাঠায়। আবুল দেশে ফিরে আসামিদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চান। তখন তারা আবুলকে কিরগিস্তান পাঠানোর জন্য আরও চার লাখ টাকা চান। পরে দুই লাখ টাকায় ফের চুক্তি হয়। টাকা পরিশোধ করে আসামিদের নির্দেশনা অনুযায়ী টেকনাফ যান আবুল। সেখানে গিয়ে বুঝতে পারেন তাকে অবৈধপথে কিরগিস্তান পাঠানো হবে। এরপর আবুল স্থানীয়দের সহায়তায় পালিয়ে এসে টাকা চেয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
