বিপিএলে নাঈমের ১ কোটি ১০ লাখ টাকার ভবিষ্যৎ কী?

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। দলটি ওপেনার মোহাম্মদ নাঈমকে দলে ভেড়ায় সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায়। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক এক দিন আগে হঠাৎ করেই মালিকানা ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ট্রায়াঙ্গুল সার্ভিস।

ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে অক্ষমতা এবং প্রত্যাশিত স্পন্সর না পাওয়ার কারণ দেখিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে সরে দাঁড়ানোর আবেদন করেন মালিক আবদুল কাইয়ুম। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করা হলেও তাঁদের পারিশ্রমিকও পরিশোধ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে, তাঁরা কি পুরো টাকা পাবেন?

এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান গণমাধ্যমকে জানান,’আজ সকালে আমরা খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছি। যাঁদের সঙ্গে চুক্তিপত্র রয়েছে, তাঁরা নির্ধারিত পারিশ্রমিক পাবেন। আর যাঁদের কাগজপত্র নেই, তাঁদের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে।’

এদিকে চট্টগ্রাম রয়্যালসের নতুন ম্যানেজমেন্টও নির্ধারণ করেছে বিসিবি। দলের মেন্টরের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিজানুর রহমানকে এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন নাফিস ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights