বিশ্বকাপের আগেই নতুন ‘লুকে’ মেসি

অনলাইন ডেস্ক

মাঠের জাদু, নান্দনিক গোল কিংবা ফুটবলীয় কোনো চটজলদি মন্তব্য নয়, ২০২৬ বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে সম্পূর্ণ ভিন্ন এক কারণে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়লেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার অধিনায়কের একটি মজার ভিডিও এখন রীতিমতো ভাইরাল। চ্যাটজিপিটির একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজের ভোলবদল করেছেন এলএমটেন। আর নিজের সেই নতুন রূপ দেখে হাসি চেপে রাখতে পারেননি খোদ আর্জেন্টাইন জাদুকরও।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৫০ কোটিরও বেশি অনুসারীর জন্য একটি ভিডিও শেয়ার করেছেন মেসি। সেখানে তাকে একটি আরামকেদারায় বসে বেশ মজার এক আবদার করতে দেখা যায়। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে জানতে চান, চ্যাট, তুমি কি আমার চুলগুলো আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে রাঙিয়ে দিতে পারো? তবে রঙটা যেন একটু স্বাভাবিক দেখায়! এর জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মেসির একটি ছবি তৈরি করে দেয়, যেখানে তার পুরো চুল আকাশি-সাদা রঙে রাঙানো। নিজের এই অদ্ভুত ও মজার রূপ দেখে আলবিসেলেস্তে অধিনায়ক হাসিতে ফেটে পড়েন। একই সাথে ড্রেসিংরুমে তার সতীর্থদের প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা কল্পনা করে মেসি বলেন, এটা দেখলে দলের ছেলেরা তো হেসেই খুন হবে। এরপর রসিকতা করে তিনি আরও যোগ করেন, এখন আমি দলের সব খেলোয়াড়কে এমন চুলে দেখতে চাই।

বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে মেসির এই ‘আকাশি-সাদা’ রূপটি এখন ভক্তদের মাঝে অন্যতম প্রধান খোরাক হয়ে উঠেছে। তবে মাঠের বাইরের এই মজার ছলের পাশাপাশি মাঠের লড়াইয়েও পুরোপুরি মনোযোগী এই মহাতারকা। কাতার ২০২২-এর পর এবার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার মিশনে নামছেন তিনি। ফুটবলের ইতিহাসে এর আগে কেবল ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দুবার বিশ্বজয় করার কীর্তি গড়েছিল।

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অধিনায়ক এখন পুরোপুরি ফিট। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে লিওনেল স্কালোনির শিষ্যরা। গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনা আগামী ১৬ জুন, মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সূত্র: মার্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights