বিশ্বকাপ কি আসলেই খেলবে ইরান? নাকি ভেতরে চলছে অন্য ষড়যন্ত্র

অনলাইন ডেস্ক

চলমান সংঘাতের প্রভাব এবার পড়েছে ফুটবল বিশ্বকাপেও। আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি।

তিনি বলেন, ফিফা যদি ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে না নেয়, তাহলে বিশ্বকাপে অংশগ্রহণ কঠিন হয়ে পড়তে পারে। ইরান ফুটবল ফেডারেশন ইতোমধ্যে এ বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, এখন পর্যন্ত ফিফার কাছ থেকে কোনো সাড়া পায়নি তেহরান।

আগামী জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান ও তাদের মিত্রদের পাল্টা আক্রমণে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলা নিয়ে আপত্তি তুলেছে ইরান। ক্রীড়ামন্ত্রী বলেন, শত্রুভাবাপন্ন পরিবেশে খেলোয়াড়রা স্বাভাবিক খেলাটা খেলতে পারবে না, এতে মানসিক চাপও বাড়বে।

তবে সব অনিশ্চয়তার মধ্যেও দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। দোনিয়ামালি জানিয়েছেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ বলেছেন, মেক্সিকোতে ইরানের ম্যাচ আয়োজনের বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে।

আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে ইরান। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে শেষ গ্রুপ ম্যাচ খেলবে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights