বিশ্বজুড়ে ভাইরাল পেঙ্গুইনের একাকী যাত্রা, আসলে কী ঘটেছিল

অনলাইন ডেস্ক
অ্যান্টার্কটিকার বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে একা হেঁটে চলা একটি পেঙ্গুইনের ভিডিও সম্প্রতি বিশ্বজুড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আবেগঘন সংগীত ও নানা অর্থবহ ক্যাপশনের সঙ্গে ছড়িয়ে পড়া এই ভিডিওটি ২০২৬ সালে নতুন করে আলোচনায় আসে এবং নেটিজেনদের গভীরভাবে নাড়া দেয়। ভিডিওটিতে দেখা যায়, একটি পেঙ্গুইন শান্ত ও অবিচল ভঙ্গিতে অ্যান্টার্কটিকার পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে টিকে থাকা প্রায় অসম্ভব।

এই পেঙ্গুইনকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘নিহিলিস্ট পেঙ্গুইন’ নামে ডাকছেন। অনেকে মনে করছেন, এটি যেন উদ্দেশ্যহীন জীবনের প্রতীক, একাকীত্ব আর ক্লান্তির রূপক। তবে ভাইরাল হওয়া এই দৃশ্যের প্রকৃত গল্প আরও পুরনো এবং ভিন্ন।

জানা গেছে, ভিডিওটির দৃশ্যটি জার্মান নির্মাতা ভার্নার হারজগের ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রামাণ্যচিত্র Encounters at the End of the World থেকে নেওয়া। ডকুমেন্টারিতে হারজগ অ্যান্টার্কটিকায় তার ভ্রমণ এবং সেখানকার মানুষ ও প্রকৃতির গল্প তুলে ধরেন। একটি দৃশ্যে দেখা যায়, একটি অ্যাডেলি পেঙ্গুইন তার কলোনি ও খাদ্য উৎস থেকে প্রায় ৭০ কিলোমিটার ভেতরের দিকে স্থলভাগে হেঁটে যাচ্ছে।

পেঙ্গুইন সাধারণত দলবদ্ধভাবে সমুদ্রের কাছাকাছি থাকে। ফলে এই পেঙ্গুইনের উল্টো পথে হাঁটা ছিল অস্বাভাবিক এবং বিস্ময়কর। হারজগ এই যাত্রাকে ‘ডেথ মার্চ’ বলে উল্লেখ করেন এবং ইঙ্গিত দেন, এই পথে এগিয়ে গেলে পেঙ্গুইনটির বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই।

এই ফুটেজ নতুন করে ছড়িয়ে পড়ার পর মানুষ এর মধ্যে নিজেদের জীবনের নানা অনুভূতির প্রতিফলন খুঁজে পাচ্ছে। অনেকেই পেঙ্গুইনের একাকী যাত্রাকে অস্তিত্ব সংকট, মানসিক ক্লান্তি এবং নীরব বিদ্রোহের প্রতীক হিসেবে দেখছেন। কারও কাছে এটি কোয়ায়েট কুইটিংয়ের রূপক, আবার কারও কাছে সামাজিক প্রত্যাশা ও অতিরিক্ত চাপ থেকে পালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা।

নিহিলিজম দর্শনে জীবনের অন্তর্নিহিত অর্থ অস্বীকার করা হয়। পেঙ্গুইনের এই উদ্দেশ্যহীন ও আত্মবিধ্বংসী যাত্রা অনেকের কাছেই সেই দর্শনের সঙ্গে মিলে গেছে। ফলে ভিডিওটি শুধু একটি প্রাণীর দৃশ্য না হয়ে আধুনিক মানুষের উদ্বেগ, ক্লান্তি এবং দিশাহীনতার প্রতীক হয়ে উঠেছে।

তবে বিজ্ঞানীরা এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। তাদের মতে, পেঙ্গুইনরা মানুষের মতো দার্শনিক চিন্তা বা অস্তিত্ব সংকটে ভোগে না। এই মিমটি জনপ্রিয় হয়েছে মূলত মানুষের আবেগ ও মানসিক অবস্থার প্রতিফলনের কারণে। বাস্তবে এটি পেঙ্গুইনের নয়, বরং আমাদের নিজেদের গল্পই বেশি বলে।

বিশেষজ্ঞদের মতে, অসুস্থতা, আঘাত বা শারীরিক সমস্যার কারণে কোনো কোনো পেঙ্গুইন দিশাহীন হয়ে পড়ে এবং স্থলভাগের ভেতরের দিকে হাঁটতে শুরু করে। এই যাত্রার পরিণতি প্রায় নিশ্চিত মৃত্যু। ডকুমেন্টারিতে উপস্থিত পেঙ্গুইন গবেষক ডেভিড আইনলিসহ অন্যান্য বিজ্ঞানীরা জানান, ওই পেঙ্গুইনটি এমন এক জায়গার দিকে যাচ্ছিল যেখানে খাদ্য বা আশ্রয়ের কোনো সুযোগ নেই। অনাহার, ক্লান্তি কিংবা তীব্র ঠান্ডায় তার মৃত্যু ছিল অনিবার্য।

তারা আরও বলেন, এমনকি পেঙ্গুইনটিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও সে সম্ভবত আবার একই পথে হাঁটা শুরু করত। ফলে ভাইরাল এই ভিডিও কোনো দর্শনচর্চা নয়, বরং প্রকৃতির এক নির্মম বাস্তবতার দলিল।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights