বৃক্ষমেলায় পাঁচটি প্লাস্টিক বোতল দিলেই মিলছে গাছের চারা

শেরপুর প্রতিনিধি
শেরপুরে সাতদিনব্যাপী বৃক্ষমেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন আপ শেরপুর’। মেলায় যেকোনো সাইজের পাঁচটি প্লাস্টিক বোতল জমা দিলেই মিলছে একটি করে গাছের চারা। ফুল, ফল, বনজ কিংবা ঔষধি—পছন্দমতো বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করছেন দর্শনার্থীরা। বিশেষ করে নারী ও শিশুদের আগ্রহ চোখে পড়ার মতো।

জেলা প্রশাসন উদ্যানে আয়োজিত বৃক্ষমেলার একটি স্টলে প্লাস্টিকের বোতলের বিনিময়ে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করছে সংগঠনটি।

সংগঠন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শেরপুর গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্টলে টাঙানো হয়েছে নানা সচেতনতামূলক স্লোগান। এর মধ্যে রয়েছে— ‘সবুজে সাজাই দেশ, প্লাস্টিকমুক্ত বাংলাদেশ’ এবং ‘দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নেবো শ্বাস। ফেললে ময়লা যত্রতত্র, সবার হবে জীবন নাশ।’ এসব স্লোগানের মাধ্যমে দর্শনার্থীদের প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে রাস্তা বা আশপাশে পড়ে থাকা অন্তত পাঁচটি প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে একটি করে গাছের চারা।

ক্লিন আপ শেরপুরের সমন্বয়ক অন্তর বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। একই সঙ্গে সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করতে বিনামূল্যে চারা বিতরণ করা হচ্ছে।’

তিনি জানান, এ পর্যন্ত প্রায় সাড়ে ৮০০টি গাছের চারা বিতরণের মাধ্যমে অন্তত পাঁচ হাজার প্লাস্টিকের বোতল সংগ্রহ করা হয়েছে। চারা নেওয়া শিশু ও নারীদের গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যার আহ্বানও জানানো হচ্ছে।

বৃক্ষমেলার উদ্যোক্তা জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন বলেন, ‘উদ্যোগটি ছোট হলেও এর তাৎপর্য অনেক বড়। পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights