বৃষ্টির অজুহাতে রাজধানীতে চড়া সবজির দাম

অনলাইন ডেস্ক
রাজধানীতে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়ছে। আর এই বৈরী আবহাওয়ার কারণে সব সবজির দামে আবারও অস্থিরতা চলছে। আবহাওয়া খারাপ এই অজুহাতে ডিম, মুরগি ও বেশিরভাগ সবজির দাম বাড়ানো হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম ঠেকেছে ৬০-৮০ টাকায়। এ ছাড়া কোনো কোনো সবজির দাম সেঞ্চুরি পার হয়েছে। এ কারণে, নিম্ন আয়ের মানুষরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে।

রাজধানীর বাজারে ঘুরে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি। একইভাবে কাঁকরোলও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এ ছাড়া টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও চাড়া। প্রতি কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মুরগির দামেও অস্বস্থি রয়েছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে হাঁটপানি মাড়িয়ে বাজার করতে এসেছেন। এর মধ্যে সবজির চড়া দাম। এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে যায়। অন্যান্য সবজির দামও বেশ চড়া।

বিক্রেতারা দাবি করছেন, সারা দেশে বৃষ্টি হচ্ছে। ফলে সরবরাহ কমে গেছে। যে কারণে সবজির দাম বাড়তি। তবে কিছু কিছু সবজির মৌসুম না হওয়ায়, সেসব সবজির দাম কিছুটা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights