বেকারদের চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি বলেন, দেশীয় প্রাণিজ উৎপাদন বৃদ্ধির মধ্যদিয়ে একদিকে যেমন খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে জনগনের বেকারত্ব দূর ও অর্থনৈতিক কর্মকান্ডও বৃদ্ধি পাবে।

শনিবার পাবনার বেড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এবং সাঁথিয়া প্রাণিসম্পদ অফিস চত্বরে ‘স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ ধরনের প্রদর্শনী কৃষক ও খামারিদের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের উৎকৃষ্ট মাধ্যম উল্লেখ করে মো. শামসুল হক টুকু বলেন, প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে বেকারদের উচিৎ উদ্যোক্তা হওয়া।

ডেপুটি স্পিকার বলেন, একসময়ের জরাজীর্ণ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশে খাদ্য ঘাটতি দূর হয়েছে, সরকার এখন জনগনের পুষ্টি চাহিদা পূরণ নিয়ে ভাবছে। জাতির পিতা প্রাণিজ উৎপাদন বৃদ্ধির জন্য এই অঞ্চলে মিল্ক ভিটা প্রতিষ্ঠা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

মো. শামসুল হক টুকু বলেন, ‘বেকারত্ব দূরীকরণে শুধু চাকরির পিছনে ছুটলে হবে না, অন্যকে চাকরি দেয়ার মতো উদ্যোক্তা তৈরি করতে হবে। যার যে বিষয়ে দক্ষতা আছে সরকার সে বিষয়ে উদ্যোক্তা তৈরি করতে স্বল্প সুদে ঋণ দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। আমাদের উচিৎ শুধু শ্রম দেয়া ও অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার মানসিকতা তৈরি করা।’

তিনি বলেন, সব ধরনের কাজের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে।

অনুষ্ঠানে খামারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অর্থ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights