বেনাপোলে মাটিচাপা দেওয়া হিজড়ার গলাকাটা লাশ

বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল কাগজপুকুর গ্রামের রেশমা নামে এক হিজড়াকে খুন করে মাটিচাপা দেওয়ার পর মৃতদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

আটক ফারুক হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের নুর ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের হয়ে কাজ করতেন নিহত রেশমা। সে পাসপোর্ট যাত্রীদের মালামাল বেনাপোল থেকে যশোরে পাচার করতো।

সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন কাগজপুকুর স্কুলের অদূরে একটি আমবাগানের পাশে কবর দেখতে পায়। এ নিয়ে পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ গর্ত খুঁড়ে মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে বেনাপোল ও যশোর জেলা পুলিশের একটি টিমের সমন্বয়ে যৌথভাবে গর্ত খুঁড়ে গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কি কারণে রেশমাকে খুন করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। পুলিশের কয়েকটি টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
বিষয়টি নিয়ে এএসপি নাভারন সার্কেল নিশাদ আল নাহিয়ান বলেন, কাগজপুকুর গ্রাম থেকে রেশমা নামে এক হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িত আরো ৫-৬ জনকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights