ব্যাংককে আফঈদাদের কঠোর অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

অনুশীলন সেশনসাফ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্যাংককে গতকাল নিজেদের তৃতীয় অনুশীলন সেশন সম্পন্ন করেছে আফঈদা খন্দকাররা। টুর্নামেন্টকে সামনে রেখে দলের প্রস্তুতিতে বেশ গুরুত্ব দিচ্ছেন কোচিং স্টাফ। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত দলের অনুশীলন অনুষ্ঠিত হয় নির্ধারিত ট্রেনিং ভেন্যুতে। অনুশীলনে খেলোয়াড়দের পাসিং ড্রিল, বলের দখল ধরে রাখার কৌশল এবং মিডফিল্ডার ও ডিফেন্ডারদের জন্য আলাদা করে পারস্পরিক বোঝাপড়া ও পজিশন নির্ভর অনুশীলন করানো হয়। শেষ দিকে ছিল ফিনিশিং ড্রিল ও সেটপিস অনুশীলন। অনুশীলন শেষে খেলোয়াড়রা আইস বাথ রিকভারি সেশনেও অংশ নেন। বাফুফে জানিয়েছে, বর্তমানে দলের সব ফুটবলার সুস্থ আছেন এবং দলে কোনো ইনজুরি সমস্যা নেই। এদিকে থাইল্যান্ড টায়ার-১ উইমেন্স লিগের ক্লাব ক্যাসেম বুনদিত নারী এফসির বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ গতকাল হওয়ার কথা ছিল। তবে প্রধান কোচের সিদ্ধান্তে ম্যাচটি এক দিন পিছিয়ে আজ অনুষ্ঠিত হবে। প্রথম প্রস্তুতি ম্যাচের আগে দলকে বাড়তি এক দিন সময় দিলে ফুটবলাররা নিজেদের আরও ভালোভাবে মানিয়ে নিতে পারবেন বলে মনে করছেন প্রধান কোচ পিটার বাটলার। আজ প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যালপিন ফুটবল ট্রেনিং ক্যাম্পের পিচ-১ এ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে এই প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ দল। বিদেশের মাটিতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। এই ক্যাম্প দলের সমন্বয় ও ম্যাচ ফিটনেস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights