ভর্তি পরীক্ষার আবেদনের বাকি আর ১ দিন

অনলাইন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের আর ১ দিন বাকি আছে। আগামীকাল ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় দেওয়া সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা।

শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হিসাবে ১০০ নম্বর এবং এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা নির্ধারণ করা হবে।

মেধা তালিকাটি প্রত্যেক কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক প্রণয়ন করা হবে। তবে, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights