ভারতে হিটস্ট্রোকে ৫৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৫ হাজার

অনলাইন ডেস্ক

চলতি গ্রীষ্ম মৌসুমে রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত ভারত। কোনো কোনো এলাকায় তা পৌঁছায় ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে। গরমজনিত স্ট্রোকে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। দেশটিতে মার্চ থেকে মে মাস পর্যন্ত তীব্র তাপপ্রবাহের মধ্যে হিটস্ট্রোকে ৫৬ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া এতে আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। চলতি মৌসুমে ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

অন্যদিকে, ভারতের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিসহ বন্যা দেখা দিয়েছে। গত মঙ্গলবারের পর আসামে ভারী বৃষ্টির কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসের কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে। এবারের গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ দেখেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন এক রাজ্যেই হিটস্ট্রোকের কারণে কমপক্ষে ৩৩ জন পোলিং স্টাফের মৃত্যু হয়েছে। ভারতের আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, তাপপ্রবাহের তীব্রতা বুধবার পর্যন্ত একটু কম থাকতে পারে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আগেই বর্ষাকাল চলে আসায় কিছুটা স্বস্তি মিলতে পারে। সূত্র : রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights