ভিক্ষাবৃত্তি ছেড়ে দোকানে প্রতিবন্ধী
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের প্রতিবন্ধী ফজর আলীকে (৬০) ফুটপাতে দোকানের মালামাল দিয়েছেন প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের সদস্যরা। মালামাল পেয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে দোকানে পসরা সাজিয়ে বসেছেন ওই বৃদ্ধ। দোকানে বেচাকেনা করে পরিবারের ৬ সদস্যের মুখে আহার তুলে দিতে পারবেন বলে ওই বৃদ্ধ আশা প্রকাশ করছেন।
জানা যায়, বৃদ্ধ ফজর আলী লাঠিতে ভর করে চলা ফজর আলী অন্যের কাছে হাত পেতে জীবন-জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন আগে শাহজাদপুর উপজেলার মানবপ্রেমী মামুন বিশ্বাস একটি নতুন দোকান ঘর ও মালামাল তুলে দেয়। সেই দোকানের আয়ে কোন মতে চলতে থাকে তার সংসার। কিন্তু কিছুদিন যেতে না যেতেই চুরি হয়ে যায় দোকানের সব মালামাল। আবারও নিঃস্ব হয়ে অচল হয়ে যায় তার সংসার। নেমে আসে সংসারে কষ্টের ঘানি। এমনি দুঃসময়ে আবারো পাশে দাঁড়ায় মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ। গ্রুপের এক উপদেষ্টাএকক অর্থায়নে ৫ হাজার টাকার দোকানের বিভিন্ন মালামাল কিনে ভাউচারসহ শনিবার তার হাতে তুলে দেন এবং সলঙ্গা বাজারে পসরা সাজিয়ে বসিয়ে দেন।
এসময় প্রিয় সলঙ্গা গ্রুপের চিফ এডমিন শাহ আলম মাস্টার, সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল, উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আবদুস ছালাম মাস্টার, আলহাজ্ব দেলোয়ার হোসেন, মোখলেছুর রহমান, এডমিন হারুনর রশিদ, এডমিন শাহিদুল ইসলাম, মডারেটর তুষার তালুকদার ফরহাদ আলী উপস্থিত ছিলেন।
